বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলা নিশ্চিত করেছে আরো দুই দল। আফ্রিকা থেকে ২৮ বছর পর আবারো বিশ্বকাপে খেলবে মিসর। আর এক ম্যাচ হাতে রেখেই চূড়ান্তপর্বের টিকিট নিশ্চিত করেছে পোল্যান্ড।
পোল্যান্ড ৪-২ গোলে হারিয়েছে মন্টোনেগ্রোকে। নিজেদের মাঠে শুরু থেকেই প্রাধান্য ছিল পোলিশদের। ১০ মিনিটেই দুই গোলের লিড নেয় তারা।
দ্বিতীয়ার্ধে ৭৮ ও ৮৩ মিনিটে গোল দুটি পরিশোধ করে সমতা আনে অতিথিরা। এরপর লেভানডফস্কির গোলে আবারো এগিয়ে যায় পোল্যান্ড। এটি বাছাই পর্বে লেভানডফস্কির ১৬ তম গোল। ৮৭ মিনিটে আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় পোল্যান্ডের।
ইউরো অঞ্চল থেকে আগেই বিশ্বকাপ টিকিট নিশ্চিত করা ইংল্যান্ড ও জার্মানি বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ জিতেছে দাপটেই।
জার্মানি ৫-১ গোলে আজারবাইজানকে এবং ইংল্যান্ড ১-০ গোলে হারিয়েছে লিথুনিয়াকে। এছাড়া রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েছে ডেনমার্ক।
এদিকে নাইজেরিয়ার পর আফ্রিকা থেকে দ্বিতীয় দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মিসর। কঙ্গোর সঙ্গে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ছিল ১-১ সমতা।
ইনজুরি সময়ে ৯৫ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ২৮ বছর পর আবারো বিশ্বকাপে যাবার সুযোগ ঘটে মিশরের।