মৌসুমের শুরু থেকেই এবার অনেকেটাই অপ্রতিরোধ্য বার্সেলোনা। লা লিগায় সবশেষ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল দলটি। তবে মালাগার বিপক্ষে ২-০ ব্যবধানের গোলে জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।
ন্যু ক্যাম্পে জেরার্ড দেউলোফেউয়ের গোলে এগিয়ে যাওয়ার পর বার্সার ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেস ইনিয়েস্তা।
গত মৌসুমে মালাগার বিপক্ষে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে বার্সাকে। ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছে তাদের।
নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লুকাস দিনিয়ের সহায়তায় জেরার্ড দেউলোফেউ বার্সাকে লিড এনে দেন।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেস ইনিয়েস্তা।
মেসির পাস ধরে ডি-বক্সের মধ্যে বাঁ থেকে কোনাকুনি শটে প্রতিপক্ষের জাল কাঁপান স্প্যানিশ এই মিডফিল্ডার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুগ্রেনারা।