সাবেক কোচ এমেকা ইউজিএগোরের বেতন পরিশোধ না করায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে শাস্তি দিয়েছে ফিফা।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয় এই ক্লাবটির তিন পয়েন্ট কেটে নেয়ার নির্দেশ দিয়েছে।
এরপরও এমেকার প্রাপ্য ২২ হাজার ডলার পরিশোধ না করায় মোহামেডানকে নিচের বিভাগে নামিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এককালীন টাকা পরিশোধে ব্যর্থ হলে পাঁচ শতাংশ সুদ দিতে হবে বাংলাদেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাবটির।
গত ২০১২ সালে মোহামেডানের কোচের দায়িত্ব পান এমেকা। কিন্তু ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় মৌসুমের মাঝপথে চলে যেতে হয় এই নাইজেরিয়ানের। কিন্তু এমেকা চলে গেলেও তার পাওনার বিষয়টি সুরাহা করেনি মোহামেডান।
বেতন পুরোপুরি না পাওয়ায় ফিফার কাছে নালিশ করেন এমেকা।
বিরোধ নিষ্পত্তিতে নাইজেরিয়ার হয়ে বিশ্বকাপ খেলা এ খেলোয়াড়ের পক্ষেই রায় দেয়া হয়েছে।
এ জন্য বাফুফেকেও সতর্ক করা হয়েছে। মোহামেডান ফিফার সিদ্ধান্ত না মানলে ফুটবলের সব ধরনের আর্ন্তজাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হতে পারে বাফুফেও।