ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনাকে রুখে দিয়েছে অলিম্পিয়াকস।
গ্রিক ক্লাবটি স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। অন্য জনপ্রিয় দলগুলোর মধ্যে আলাদা ম্যাচে জিতেছে পিএসজি, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে পিএসজি ও ম্যানইউ দুই ম্যাচ আগেই পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছে।
অলিম্পিয়াকসের মাঠে জিতলেই ডি-গ্রুপ থেকে পরের রাউন্ডের টিকেট পেয়ে যেতেন মেসিরা। কিন্তু গ্রিক ক্লাবটির রক্ষণ চিড়ে গোল আদায় করতে পারেননি কোনো বার্সা খেলোয়াড়।
গ্রুপের অন্য ম্যাচে হিগুইয়াইনের গোলে স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ এ ড্র করেছে ইউভেন্টাস। এ-গ্রুপে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। অন্য ম্যাচে বাসেলকে ২-১ গোলে হারায় সিএসকেএ মস্কো। বি-গ্রুপে সেল্টিককে ২-১ গোলে বায়ার্ন আর অ্যান্ডারলেখতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। পিএসজির হয়ে হ্যাটট্রিক করেন কুরজাওয়া।
অন্য দুটি গোল ভেরাত্তি ও নেইমারের। সি-গ্রুপে রোমার বিপক্ষে দাঁড়াতেই পারেনি চেলসি। ৩-০ গোলে হেরেছে ব্লুজরা। গ্রুপের আরেক ম্যাচে কারাবাগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।