এ মাসে রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আবারো আর্জেন্টিনা দলে জায়গা হলো না গঞ্জালো হিগুয়াইনের। আগেই ঘোষণা করে দলে নতুন কয়েকজনকে নিলেও ইউভেন্টাস তারকাকে স্কোয়াডে রাখা হয়নি।
ইতালিয়ান ক্লাবটির গত তিন ম্যাচে চারটি গোল করেও আর্জেন্টাইন কোচকে খুশি করতে পারেননি হিগুয়াইন। হোর্হে সাম্পাওলি আলবিসেলেস্তেদের দায়িত্ব নেয়ার পর থেকেই জাতীয় দলে উপেক্ষিত তিনি। সাম্পাওলির অধীনে প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলেছিলেন হিগুয়াইন। এরপর আর জায়গা হয়নি দলে।
লিওনেল মেসির নৈপুণ্যে এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নতুন করে দল গুছিয়ে নেয়া শুরু করেছেন সাম্পাওলি। হিগুয়াইনকে না নিলেও, প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাকা হয়েছে বোকা জুনিয়ার্স উইঙ্গার ক্রিস্তিয়ান পাভনকে।
১০ নভেম্বর রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি এর চারদিন পর।