বোরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে জার্মান লিগের শীর্ষস্থান ধরে রাখলো বায়ার্ন মিউনিখ।
এদিকে, ফরাসি লিগে, এমবাপে ও কাভানির জোড়া গোলে অ্যাঁজাকে ৫-০ ব্যবধানে পরাস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই।
এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহাম ইউনাইটেডের মাঠে মোহাম্মদ সালাহর দুই গোলে ৪-১ এ জিতেছে লিভারপুল।
বুন্দেসলিগার অন্যতম সেরা দুই দলের লড়াইয়ে ডর্টমুন্ডকে দাঁড়াতে দেয়নি বায়ার্ন। আরিয়েন রোবেনের ঝড়ো শটের পর লেভানদস্কির গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। তৃতীয় গোলটি ছিল ডিফেন্ডার ডেভিড আলাবার।
শেষদিকে বোরুশিয়াকে সান্তনার গোল উপহার দেন মার্ক বার্ত্রা। এ জয়ে দুইয়ে থাকা লাইপজিগের সঙ্গে চার পয়েন্টে এগিয়ে মিউনিখের ক্লাবটি। ১১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ২৬। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে ডর্টমুন্ড।
এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমারসহ চার সিনিয়র খেলোয়াড়কে বিশ্রামে রেখেও বিশাল জয় পেয়েছে পিএসজি।
কিলিয়ান এমবাপে ও এডিনস কাভানির জোড়া গোলে, অ্যাঁজাকে ৫-০ তে উড়িয়ে দিয়েছে লিগ লিডাররা। এ ম্যাচে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির হয়ে নিজের শততম গোল পেয়েছেন কাভানি।