রাশিয়া বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল প্রকাশ করেছে ফিফা। ১৯৭০ সালে ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপজয়ী ম্যাচবল টেলস্টার দিয়েই খেলা হবে রাশিয়ায়। এ জন্য পুরনো মডেলে পাল্টে নতুন ডিজাইন ও আধুনিক প্রযুক্তি যোগ করা হয়েছে ঐতিহ্যবাহী টেলস্টার বলে।
বৃহস্পতিবার টেলস্টারের নতুন এই মডেলটি প্রকাশ করে জার্মান ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। টেলস্টার এইটিনে শুরুতেই পা ছুঁইয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
নতুন নকশা, অত্যাধুনিক প্রযুক্তি ও টেকসই উপকরণ দিয়ে তৈরি হয়েছে টেলস্টারের নতুন সংস্করণটি। ভেতরে এনএফসি চিপ থাকায় স্মার্টফোনের সাহায্যে বলটির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে।
১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে টেলস্টার দিয়েই শিরোপা জিতেছিলেন ফুটবল সম্রাট পেলে। ১৯৭৪ পশ্চিম জার্মানি বিশ্বকাপে সবশেষ টেলস্টার ব্যবহার করা হয়েছিল।
সেই সময় সাদা-কালো টেলিভিশনে দেখার উপযোগী করে তোলা হয়েছিল বলটি।স্টার অফ টেলিভিশন কথাটি থেকেই টেলস্টার নামটি এসেছিল।