বিপিএলের ঢাকা পর্বের শুরুর দিকেই খেলায় ফিরতে পারেন তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকা সফরে চোট পাওয়ায় এখন পর্যন্ত বিপিএলে খেলতে পারেননি জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার।
গোঁড়ালির ইনজুরির কারণে সিলেট পর্বে বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। বুধবার রাজশাহী কিংসের এই পেসার দলের অন্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেন। পুরোপুরি সুস্থ হলে ঢাকায় বিপিএলের ২য় পর্বেই কাটার মাস্টারকে একাদশে পাবে কিংসরা।
তবে কোন ম্যাচ থেকে মুস্তাফিজ খেলতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত টুর্নামেন্টে একটিও জয় না পাওয়া একমাত্র দল রাজশাহী।
এদিকে, ইনজুরির কারণে সিলেট পর্বে খেলেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আইকন তামিম ইকবালও। সুস্থ বোধ করলে ঢাকায় ২য় পর্বেই তামিমকে খেলতে দেখা যাবে বলে জানিয়েছেন ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সিলেটে দুটি ম্যাচেই তামিমের পরিবর্তে কুমিল্লাকে নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এর মধ্যে একটি ম্যাচে জিতেছে ভিক্টোরিয়ান্সরা।