কোলকাতা টেস্টের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে শ্রীলঙ্কা। পেসার দাসুন শানাকার বোলিং নৈপুণ্যে, ভারতকে চেপে ধরেছে লঙ্কানরা। ৫ উইকেট হারিয়ে ৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে কোহলি বাহিনী। স্বাগতিকদের হয়ে একাই লড়াই চালানো চেতেশ্বর পূজারা অপরাজিত আছেন ৪৭ রানে।
ইডেন গার্ডেন্সে আগের দিনই তিন উইকেট হারিয়েছিল ভারত। প্রথম দিনও বাগড়া দিয়েছিল বৃষ্টি। ১১ ওভার ৫ বলে ১৭ রান করতে পেরেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ২১ ওভার। বোলিং সহায়ক উইকেটে দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন মিডিয়াম পেসার শানাকা।
ড্রিঙ্কসের আগেই রাহানে ও অশ্বিন দুজনেই ৪ রান করে বিদায় নেন। কিন্তু হাল ছাড়েননি পূজারা। রক্ষণাত্মক ব্যাটিংয়ে একপ্রান্ত আগলে রাখেন তিনি। বেশি রান করতে না পারলেও ক্রিজ আগলে রাখেন রিদ্ধিমান সাহাও। লাঞ্চ ও চা বিরতির আগে দুবার আঘাত হানে বৃষ্টি। তৃতীয়বার বৃষ্টি নামলে দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।