উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতোই উজ্জ্বল হয়ে উঠেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে স্প্যানিশ লা লিগায় গোলখরায় ভুগেন তিনি।
মঙ্গলবার রাতে রোনালদোর নৈপূণ্যে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোতে জায়গা করেছে রিয়াল মাদ্রিদ।
সাইপ্রাসের মাঠে রোনালদো ও করিম বেনজেমা দুজনই জোড়া গোল করেন। লুকা মডরিচ এবং নাচো একটি করে গোল করেন।
প্রতিপক্ষের মাঠে খেলার ২৩তম মিনিটে মডরিচের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগে ২৭৯ দিন পর গোলের দেখা পান এই ফরাসি ফরোয়ার্ড। দুই মিনিট পর নাচোর গোলে স্কোরলাইন ৩-০ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে বেনজেমার দ্বিতীয় গোলে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে রিয়াল।
বিরতির পরপরই জ্বলে ওঠেন রোনালদো। ৪৯তম মিনিটে সিআর সেভেনের গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় জিদানের দল। এরমধ্য দিয়ে এক বছরে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৭ গোল করার রেকর্ড গড়েন সিআর সেভেন। পাঁচ মিনিট পর আরেকটি গোল করে সংখ্যাটিকে ১৮-তে উন্নীত করার পাশাপাশি অ্যাপোয়েল নিকোশিয়া শিবিরে শেষ পেরেক ঠুকে দেন রোনালদো।
‘এইচ’ গ্রুপের দিনের অপর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় টটেনহ্যাম। অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয় ডর্টমুন্ডের।