বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডাইনামাইটসের কাছে হেরে কোয়ালিফায়ারের স্বপ্ন শেষ হয়ে গেল চিটাগং ভাইকিংসের। লুইস তান্ডবে চিটাগং ৭ উইকেটে হেরেছে ঢাকার কাছে। চিটাগংয়ের দেওয়া ১৮৮ রানের বিশাল টার্গেট ৭ বল হাতে রেখেই টপকে যায় ঢাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নামে চিটাগং ভাইকিংস। শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারালেও লুক রঙ্কি ও আনামুল হকের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে চিটাগং। রঙ্কি ৫৯ ও আনামুল করেন ৭৩ রান।
শেষদিকে সিকান্দার রাজার অপরাজিত ২৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে চিটাগং। বিশাল টার্গেট তাড়া করতে নেমে, কোনো রান করার আগেই ফিরে যান ঢাকার ওপেনার শহীদ আফ্রিদি। তবে, দলের স্কোর এগিয়ে নেন এভিন লুইস ও জো ডেনলি।
লুইস ৩১ বলে ৭৫ ও ডেনলি ৪৪ রান করে বিদায় নিলেও সাকিব আল হাসানের ২২ ও ক্যামেরন ডেলপোর্টের অপরাজিত ৪৩ রানে ভর করে ১৮ ওভার ৫ বলে ৭ উইকেটের জয় তুলে নেয় ঢাকা ডাইনামাইটস।