আগামীকাল (শনিবার) শুরু হচ্ছে বিপিএলের শেষ পর্ব। ঢাকায় প্রথম ম্যাচে বেলা ১টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। আরেক ম্যাচে সন্ধ্যা ৬টায় রাজশাহী কিংস মাঠে নামবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।
দুটি ম্যাচই হবে ঢাকার শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্বে খেলার মাঝপথে খুলনা টাইটান্সের কাছে শীর্ষস্থান হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নয় ম্যাচে সাতটি জয়ে ১৪ পয়েন্টের সুবাদে আবারো সবার ওপরে উঠে এসেছে ভিক্টোরিয়ান্সরা। কুমিল্লার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে খুলনা। ১০ ম্যাচে ছয়টি জয় নিয়ে দুইয়ে থাকা দলটির পয়েন্ট ১৩।
সমান ম্যাচে পাঁচটি জয়ে ১১ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা ডায়নামাইটস। চতুর্থ স্থানে মাশরাফির রংপুর রাইডার্স। নয় ম্যাচে ঢাকার সমান পাঁচটি জয় রংপুরের। তবে রাইডার্সরা এক পয়েন্ট পিছিয়ে। সেরা চারে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে রাজশাহী ও সিলেটের।
সমান ১০ ম্যাচে রাজশাহী আট, আর সিলেটের পয়েন্ট সাত। তবে ১০টি ম্যাচ খেলে মাত্র দুটি জয়ে পাঁচ পয়েন্ট পাওয়া চিটাগংয়ের শীর্ষ চারে ওঠার আর কোনো সুযোগ থাকছে না।