সুযোগ পেয়েও বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারেনি রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ লিগে শীর্ষে থাকা বার্সার পর আলাদা ম্যাচে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও। সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে বার্সা, আর অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল।
আরনেস্তো ভালভারদে দায়িত্ব নেয়ার পর এই গ্রীষ্মে এখনো কোনো ম্যাচে হারেনি বার্সেলোনা। তবে সেল্টা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে গোল পেলেও জয় পাননি মেসি-সুয়ারেজরা। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্টের সুবাদে শীর্ষেই আছে বার্সা।
এদিকে, বিলবাওয়ের মাঠে বেনজেমা-রোনালদো দুজনের শটই পোস্টে লাগায় গোলবঞ্চিত হয়েছে রিয়াল। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চারে জিদানের শিষ্যরা। এ ম্যাচে লাল কার্ড পান মাদ্রিদ দলপতি সার্জিও রামোস।
স্প্যানিশ লিগের ক্যারিয়ারে এটি রামোসের উনিশ নম্বর লাল কার্ড। লিগের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।