ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের সবচেয়ে জমজমাট ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হেরেছে আর্সেনাল।
ইউনাইটেড গোলরক্ষক ডেভিড দ্য হেয়া একাই আর্সনালের চৌদ্দটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন। ছুঁয়ে ফেলেন ইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড।
আর্সেনালের মাঠে স্বাগতিকদের রক্ষণের ভুলগুলোকে ভালোভাবেই কাজে লাগিয়েছে ম্যানইউ। ডিফেন্ডার লরেন্ট কোশিয়েলনির অসতর্ক পাসের কল্যাণে গানারদের জালে প্রথম গোলটি করেন অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া।
এরপর মুস্তাফির কাছ থেকে বল আদায় করে লুকাকু ও মার্শালের সহায়তায় লিড দ্বিগুণ করেন লিংগার্ড।
দুই গোল হজম করে লাকাজাত্তের শটে খেলায় ফিরছিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
তবে লিংগার্ডের দ্বিতীয় গোলে জয়ের সম্ভাবনা ফিকে হয়ে যায় গানারদের।
শেষদিকে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ম্যানইউর পল পগবা।
দিনের অন্য ম্যাচে, হ্যাজার্ডের জোড়া গোলে নিউক্যাসলকে ৩-১ এ চেলসি আর ফিরমিনোর দুই গোলে ব্রাইটনকে ৫-১ এ হারিয়েছে লিভারপুল।