অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ডাক পেয়েছেন বেন স্টোকস ও অ্যালেক্স হেইলস। দলে জায়গা পেলেও মূল একাদশে এ দুজনের খেলার সম্ভাবনা কম।
গেলো সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন বেন স্টোকস। ওই ঘটনায় ইংল্যান্ডের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তার বিরুদ্ধে তদন্ত করছে। তাদের দেয়া চুড়ান্ত প্রতিবেদনের পর ইসিবি সিদ্ধান্ত নেবে স্টোকস জাতীয় দলে খেলবেন কি-না।
অ্যাশেজের দলে থাকার পরও অস্ট্রেলিয়ায় যাননি এই অলরাউন্ডার। এখন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি।
এদিকে, মারামারিতে হেইলসের সম্পৃক্ততা না থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দেয়নি পুলিশ। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারী।