গেইল ঝড়ে উড়ে গেল খুলনা টাইটান্স— বিপিএলের এলিমিনেটর ম্যাচে তার অনবদ্য শতকে ৮ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। এবারের আসরে একমাত্র সেঞ্চুরি এটি।
এ জয়ে মাহমুদুল্লাহর খুলনাকে বিদায় করে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো মাশরাফির দল। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের প্রতিপক্ষ হবে ঢাকা-কুমিল্লা ম্যাচের পরাজিত দল।
মিরপুরে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক মাশরাফি। মারমুখী ব্যাটিং সত্ত্বেও নিয়মিত উইকেট হারাতে থাকায় চাপ বাড়তে থাকতে খুলনার ওপর। টাইটান্স ক্যাপ্টেন মাহমুদুল্লাহ ৬ বলে ২০ রান করেন। বিশের ওপর রান করেন ক্লিঙ্গার, আরিফুল ও পুরানও। শেষদিকে ব্র্যাথওয়েইট ৯ বলে ২৫ রান করেন।
২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে খুলনা। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ঝড়ের আভাস দেন গেইল। তৃতীয় ওভারে সোহাগ গাজী ও ম্যাককালামের বিদায়ে কিছুটা চিন্তায় পড়ে রংপুর। তবে গেইলের ব্যাটে সহজ হয়ে যায় ম্যাচ।
মাত্র ৫১ বলে ১২৬ রান তুলে নেন এই ক্যারিবিয়ান। ৬টি চার ও ১৪টি ছক্কা হাঁকিয়ে একাই রংপুরকে জয় এনে দেন তিনি। ১৫ ওভার ২ বলেই ১৭১ রান করে ফেলে রাইডার্সরা।