আরো একটি রোনালদোময় রাতে জয় পেল রিয়াল মাদ্রিদ।
ক্রিশ্চিয়ানো রোনালদো পাঁচ নম্বর ব্যালন ‘ডি’অর জেতার দুদিন পর স্প্যানিশ লিগে সেভিয়ার বিপক্ষে পাঁচ গোলের ব্যবধানে জিতেছে জিদানের শিষ্যরা।
এ জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট মাদ্রিদের এলিট ক্লাবটির।
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরুর আগে ব্যালন ‘ডি’ অর হাতে দর্শকদের অভিবাদন জানান রোনালদো।
পর্তুগিজ তারকার পাঁচটি ব্যালন ‘ডি’ অর দেখার পর প্রতিপক্ষের জালে প্রথমার্ধেই প্রিয় দলকে পাঁচ বার বল জড়াতে দেখেন সমর্থকরা।
সেভিয়ার বিপক্ষে নাচো মনরেয়ালের গোলে লিড নেবার পর দুটি গোল আসে রোনালদোর কল্যাণে।
এর মধ্যে রোনালদোর দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে।
লা লিগায় চলতি মৌসুমে এর আগে মাত্র দুটি গোল পেয়েছিলেন সিআরস্যাভেন।
রিয়ালের চতুর্থ গোলটি করেন টনি ক্রুস। পঞ্চম গোলে হাকিমিকে অ্যাসিস্টও করেন জার্মান মিডফিল্ডার। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে যাবার পর দ্বিতীয়ার্ধে তেমন একটা অ্যাটাকে যায়নি রিয়াল। চোখে পড়ার মতো কোনো চেষ্টাও ছিল না সেভিয়ারও।