শেষ হলো বিপিএল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে শিরোপার এবার রংপুর রাইডার্সের ঘরে।
ফাইনালে রংপুরের জয়ের নায়ক ও সিরিজ সেরা ক্রিস গেইল সবচেয়ে বেশি রান করার তালিকার সবার ওপরে উঠেই টুর্নামেন্ট শেষ করেছেন। আর শিরোপা ধরে রাখতে না পারলেও আসরে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ঢাকা দলপতি সাকিব আল হাসান।
মঙ্গলবার বিপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে দলকে শিরোপা এনে দেন গেইল। ৬৯ বলে ১৪৬ রানের ঝড় তুলে একাই ঢাকার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দেন তিনি।
এর আগে এলিমিনেটর ম্যাচেও শতক হাঁকিয়েছেন এ ক্যারিবিয়ান হার্ডহিটার। ১১ ইনিংসে আসরের সবচেয়ে বেশি ৪৮৫ রানের মালিক তিনি।
গেইলের পরে আছেন ঢাকার এভিন লুইস, রংপুরের রাভি বোপারা, কুমিল্লার তামিম ইকবাল ও রংপুরের মোহাম্মদ মিঠুন।
এদিকে, টুর্নামেন্টে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও বোলিংয়ে সবাইকে পেছনে ফেলেছেন সাকিব।
টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২২টি উইকেট নিয়েছেন ডায়নামাইটস স্পিনার।
সাকিবের পরে আছেন তিন পেসার। খুলনার আবু জায়েদ, কুমিল্লার হাসান আলী ও মোহাম্মদ সাইফুদ্দীনের পরে পঞ্চম স্থানে আছেন ঢাকা লেগস্পিনার শহীদ আফ্রিদি।