রোনালদো-বেইলের নৈপুণ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে স্বাগতিক আল-জাজিরার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে জিদানের শিষ্যরা। শনিবার চূড়ান্ত লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও।
আল-জাজিরার ব্রাজিলিয়ান তারকা রোমারিনিয়োর শটে প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে ছিল রিয়াল। এরপর এমবার্ক বুসুফার গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। এর কিছুক্ষণের মধ্যেই গোল করে খেলায় সমতা আনেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মেসি, সুয়ারেজ ও দেলগাদোকে পেছানে ফেলে, ক্লাব বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ ছয় গোলের মালিক হন সিআরস্যাভেন। এরপর বদলি হিসেবে নেমেই গোলদাতার খাতায় নাম লেখান গ্যারেথ বেইল। বেইল ও রোনালদোর গোলের মাঝে দুবার পোস্টে বল লাগায় গোলবঞ্চিত হন করিম বেনজেমা। শেষমেষ ২-১ গোলে জিতে স্প্যানিশ জায়ান্টরা।
ফিফার ছয়টি কনফেডারেশনের চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশ-সংযুক্ত আরব আমিরাতের লিগসেরা আল-জাজিরাকে নিয়ে হচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ।