দুবাইয়ে টি-টেন লিগে নিজের প্রথম ম্যাচেই ঝড় তুলেছেন তামিম ইকবাল। তার ঝড়ো ফিফটিতে টিম শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ রানে জিতেছে পাখতুন্স। তবে তামিম জিতলেও, হেরেছে সাকিবের কেরালা কিংস। পাঞ্চাবি লিজেন্ডসের কাছে কেরালার হার ৮ উইকেটে।
শারজায় ব্যাটিংয়ে নেমে পুরো দশ ওভার ব্যাটিং করেন তামিম। ২৭ বলে ৫টি চার ও ৪টি ছক্কার মারে ৫৬ রান করেন তিনি। তামিমের ফিফটিতেই ১১১ রানের পুঁজি গড়ে পাখতুন্স।
জবাবে ৮৪ রানের বেশি করতে পারেনি টিম শ্রীলঙ্কা। ২৭ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পাখতুন্স। একাই দলের অর্ধেকের বেশি রান করে দেয়ার সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হন তামিম। সেরা ব্যাটসম্যান ও সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর পুরষ্কারও জিতে নেন তিনি।
এদিকে, তামিম দলকে জেতালেও, কেরালার হয়ে কিছু করতে পারেননি সাকিব। ৬ বলে ৭ রান করে আউট হন তিনি। কেরালা ১১৪ রান সংগ্রহ করলেও, শোয়েব মালিকের ফিফটিতে এক ওভার আগেই জয় তুলে নেয় পাঞ্চাবি লিজেন্ডস।