শিগগিরি দেশিয় ক্রিকেটারদের নিয়ে প্রস্তাবিত ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শুরু হতে পারে। লিগে দল হতে পারে আটটি। দল আসবে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে। নক-আউট বা দুই গ্রুপে ভঅগ হয়ে খেলবে দলগুলো। খেলা হবে মিরপুরেই।
সদ্য শেষ হওয়া বিপিএল চলার সময়ই দেশি ক্রিকেটারদের কথা ভেবে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের কথা জানিয়েছিল বিসিবি। তখন বিপিএলের দলগুলো নিয়েই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল বোর্ডের। তবে এখন ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো নিয়েই লিগ করার কথা ভাবছে বিসিবি।
বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটাররা খেলায় দেশি খেলোয়াড়দের অনেকেই নিজেদের মেলে ধরার সুযোগ পান না। ফলে বিপিএল থেকে জাতীয় দলের জন্য টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার পাওয়াটাও কঠিন।
তাই টি-টোয়েন্টি ফরম্যাটে সাবলীল দেশি ক্রিকেটার খুঁজে আনতেই ক্রিকেট বোর্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের এই পরিকল্পনা।