সাকিব-মুশফিক সুযোগ পেলেন ক্রিকইনফোর ২০১৭ সালের সেরা টেস্ট একাদশে। এর আগে গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বাংলাদেশের দুই তারকা জায়গা পেয়েছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট একাদশেও।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে দুটি টেস্ট জয়ই ছিল ২০১৭ সালে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে ভীষণ উজ্জ্বল ছিলেন সাকিব-মুশফিক। সেই নৈপুণ্যের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের এ দুই তারকা।
ক্রিকইনফো অনুযায়ী, বাঁহাতি স্পিনটাই এগিয়ে রেখেছে সাকিবকে। ২০১৭ সালে সাকিব ৭ টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করেছেন, উইকেট নিয়েছেন ২৯টি।
আর টেস্ট দলে উইকেটরক্ষকের চেয়েও ব্যাটসম্যান হিসেবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুশফিক। ক্রিকইনফোর একাদশে তিনি যদিও সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবেই।
২০১৭ সালে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন গত ডিসেম্বরে টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিক।
ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ :
ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাথান লায়ন, কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন ও নিল ওয়াগনার।