লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের প্লে-মেকার ফিলিপে কতিনিয়ো।
স্প্যানিশ লিগের শীর্ষ ক্লাবটির সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি— এটি নতুন বছরের সবচেয়ে ব্যয়বহুল রদবদল।
চুক্তি চূড়ান্ত করতে শনিবার লন্ডন থেকে স্পেনে যান কতিনিয়ো। সেখানে ১৪২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। এটি ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে ব্যয়বহুল রদবদলগুলোর একটি।
কতিনিয়োকে ছেড়ে দেয়ায় শুরুতেই ১০৫ মিলিয়ন ইউরো পেয়ে যাবে অল রেডরা—বাকি অর্থ আসবে পরে।
ন্যু ক্যাম্প থেকে অন্য কোনো ক্লাব কতিনিয়োকে কিনতে চাইলে গুণতে হবে প্রায় চারশ মিলিয়ন ইউরো।
গত ২০১৩ সালের জানুয়ারিতে মাত্র সাড়ে ৮ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি।
এদিকে, অল রেড ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, গত জুলাইয়ে বার্সা আগ্রহ দেখানোর পর থেকেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মেসিদের দলে যোগ দিতে চাচ্ছিলেন।