তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি আর আফিফ হোসেনের অলরাউন্ড নৈপূণ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ।
৬৬ রানে তারা হারিয়েছে কানাডাকে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৭ রানে হারিয়েছিল নামিবিয়াকে। টানা দুই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে রইল বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে ওপেনার পিনাক ঘোষকে হারিয়ে চাপে পড়ে জুনিয়র টাইগাররা। নামিবিয়ার বিরুদ্ধে জয়ের নায়ক অধিনায়ক সাইফ হাসান ১৭ রান করে দলীয় ২৯ রানে বিদায় নিলে চাপ আরো বাড়ে। ৪৭ রান করে নাইমের আউটে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯১।
তবে মিডল অর্ডারে তৌহিদ হৃদয় আর আফিফের ১১১ রানের জুটি পাল্টে দেয় খেলা। হৃদয় ১২৬ বলে ৯ চার ও ১ ছক্কায় করেন ১২২ রান। ৫ চার চার ও ১ ছক্কায় আফিফ ৫৯ বলে করেন ৫০ রান।
নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৪ রান। জবাবে ২৬৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৪৯ ওভার ৩ বলে ১৯৮ রানে গুটিয়ে যায় কানাডার ইনিংস।
আফিফ ৪৩ রানে নেন ৫ উইকেট। ২৩ রানে ২ উইকেট নেন হাসান মাহমুদ। ১টি করে উইকেট পেয়েছেন অনিক, রবিউল ও সাইফ। গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে।
বাংলাদেশের পরের ম্যাচ ১৮ জানুয়ারি ইংল্যান্ডের সঙ্গে।