প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেট ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। সনাথ জয়াসুরিয়াকে পেছনে ফেলে ক্রিকেট ইতিহাসে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন টাইগার ওপেনার।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ ৭৬ রানের ইনিংস খেলেছেন তামিম। ক্যারিয়ারের ৪১তম ও টানা তৃতীয় ফিফটির সুবাদে গড়েছেন দুটি রেকর্ড। একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন ছয় হাজারের এলিট ক্লাবে। ওয়ানডেতে সবচেয়ে দ্রুত ছয় হাজার রান করা ক্রিকেটারদের মধ্যে তামিম আছেন ২৮ নম্বরে।
পেছনে ফেলেছেন সাঙ্গাকারা, যুবরাজ, শেওয়াগ, চন্দরপলদের। এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও তিনি নিজের করে নিয়েছেন।
লঙ্কান গ্রেট জয়াসুরিয়ার ২ হাজার ৫শ ১৪ রানের রেকর্ড টপকেছেন টাইগার ওপেনার। কলম্বোতে ৭১ ম্যাচ খেলা জয়াসুরিয়াই এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন। মিরপুরে ৭৪ ওয়ানডেতে ২ হাজার ৫শ ৪৯ রান করায় সেই রেকর্ডটি এখন তামিমের দখলে।