চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ১১৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। এর আগে ৯ উইকেটে ৭১৩ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা রোশেন ডি সিলভা তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
লাঞ্চের আগেই তাকে ব্যক্তিগত ১০৯ রানে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ।
শ্রীলঙ্কাকে ছয়শ রানের স্কোর পার করান দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলা। ক্যারিয়ারের ১৬তম ফিফটি করা চান্দিমালকে ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত করেন তাইজুল ইসলাম। আর ডিকওয়েলাকে ব্যক্তিগত ৬২ রানে সাজঘরের পথ দেখান মিরাজ।
এরপর পেরেরার ৩২ ও হেরাথের ২৪ রানে ভর করে ৯ উইকেটে ৭১৩ রানের পাহাড়সম সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।