নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের কল্যাণে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেল আর্সেনাল। এভারটনের বিপক্ষে ৫-১ গোলের জয়ে গানাররা ষষ্ঠ স্থান ধরে রেখেছে। এদিকে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে লিগ লিডার ম্যানসিটি। আর লুকাকু-সানচেজের গোলে হাডার্সফিল্ডকে ২-০ তে হারিয়েছে ম্যানইউ।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জার্সি গায়ে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান অ্যারোন র্যা মসি। ডিফেন্ডার কোশিয়েলনি করেন দ্বিতীয় গোলটি। গানারদের হয়ে অভিষেকেই গোল পান পিয়েরে-এমরিক অবামেয়াং।
গত মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় সর্বোচ্চ ৩১ গোল করেছিলেন তিনি। পাঁচটি অসাধারণ গোলের তিনটিতেই ছিল সদ্য ম্যানইউ ছেড়ে আসা মিখিতারিয়ানের অ্যাসিস্ট।
আর আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মেসুত ওজিল সেরা প্লে-মেকারের মতোই খেলেছেন। ফলে অগোছালো এভারটন একটি গোল শোধ করলেও বড় ব্যবধানে হেরেছে।