মমিনুল, লিটন দাশের ব্যাটিং দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট ড্র করলো বাংলাদেশ। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন লিটল মাস্টার মমিনুল হক।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর যখন ৫ উইকেটে ৩০৭ রান, তখন ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেন দুই দলের অধিনায়ক। এর আগে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিলো শ্রীলঙ্কা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ৮১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন মমিনুল হক। তার সঙ্গে দিন শুরু করেন লিটন দাশ।
আগের দিন শেষ বিকেলে দ্রুত উইকেট পড়ে গেলে পরাজয়ের শঙ্কা উকি দিতে থাকে বাংলাদেশ শিবিরে। তবে, শেষদিনে মমিনুল হক ও লিটন দাশের দৃঢ় ব্যাটিংয়ে স্বস্তি ফেরে টাইগারদের। লাঞ্চের আগে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ফিফটি তুলে নেন লিটল মাস্টার মমিনুল।
অন্যপ্রান্তে এই বাঁহাতি ব্যাটসম্যানকে যোগ্য সমর্থন দেন লিটন দাশ। প্রথম ইনিংসে বাজেভাবে শূন্য রানে আউট হওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, দ্বিতীয় সেশনে পূরন করেন অর্ধশতক।
সেঞ্চুরি তুলে নিয়ে ডি সিলভার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মমিনুল। তবে ততক্ষণে লঙ্কানদের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ।
সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে রঙ্গনা হেরাথের শিকারে পরিণত হন লিটন দাশ।
এরপর লঙ্কান বোলারদের দেখেশুনেই মোকাবেলা করেন মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। দিনের খেলা আরো ১৭ ওভার বাকি থাকতেই। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল ম্যাচ ড্র করার প্রস্তাব দেন। এর মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই শ্রীলঙ্কার মতো দলের সঙ্গে ড্র করার কৃতিত্ব দেখালেন মাহমুদুল্লাহ।
৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।