পর্দা উঠলো উইন্টার অলিম্পিক গেমসের— দক্ষিণ কোরিয়ার পিয়ং চ্যাংয়ে বসেছে এবারের আসর। দুদেশের সীমান্ত উত্তেজনা একপাশে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটরা এক পতাকা নিয়ে একসঙ্গে মার্চ করেছেন।
এবারই প্রথম শীতকালীন অলিম্পিকের আয়োজক হলো দক্ষিণ কোরিয়া। এর আগে ১৯৮৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করেছিল দেশটি। ৯২টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলিট এবারের শীতকালীন গেমসে অংশ নিচ্ছেন। পিয়ংচ্যাংয়ে ১৫টি খেলার ১০২টি ইভেন্টে অংশ নেবেন এই অ্যাথলিটরা।
বিগ এয়ার স্নো-বোর্ডিং, ম্যাস স্টার্ট স্পিড স্কেটিং, মিক্সড ডবল কার্লিং ও মিক্সড টিম আলপাইন স্কিয়িং এবারের আসরের নতুন সংযোজন।
এবার প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিকে অংশ নিচ্ছে ইকুয়েডর, ইরিত্রি, কসোভো, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ২৫ ফেব্রুয়ারি।