দ্বিতীয়বারের মতো অ্যালান বোর্ডার মেডেল পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। এছাড়াও ডেভিড ওয়ার্নার ও নাথান লায়নকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি।
গেলো বছরের পারফর্মেন্সের ভিত্তিতে দেশটির ক্রিকেটারদের সম্মাননা দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভারতীয় উপমহাদেশে খুব একটা ভালো করতে না পারলেও ঘরের মাটিতে অ্যাশেজের ট্রফি পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। তাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ভোটিং পিরিয়ডের সময় টেস্টে ১৩০৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এদিকে, সবচেয়ে বেশি রান সংগ্রহ করে ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ডেভিড ওয়ার্নার। আর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করে সেরা খেলোয়াড় মনোনিত হয়েছেন ওপেনার অ্যারন ফিঞ্চ।
আর ব্র্যাডম্যান ইয়ং ক্রিকেটার অব দা ইয়ার নির্বাচিত হয়েছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী পেসার ঝিয়ে রিচার্ডসন।