বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ও মানসিক শক্তি ফিরিয়ে আনতে চান কোর্টনি ওয়ালশ। নতুনদের ভুলগুলো শুধরে তাদের আন্তর্জাতিক ম্যাচের জন্য গড়ে তুলতে চান টাইগারদের পেস বোলিং কোচ।
এদিকে, এরইমধ্যে শ্রীলঙ্কা সফরের জন্য ১৯ ক্রিকেটার নিয়ে জাতীয় দলের বিশেষ অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরুর কথা থাকলেও, সেদিন হয়নি অনুশীলন। রুবেল, তাসকিনসহ ১৪ পেসার নিয়ে ওয়ালশের প্রস্তুতি শুরু হয়েছে।
খেলোয়াড়দের ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ওয়ালশ। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার তাড়না যে ক্রিকেটারদের মধ্যে আছে তাদের খুঁজে বের করার ইচ্ছা এ ক্যারিবিয়ান গ্রেটের।
যদিও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাশরাফির অভাবটা ভালোই টের পাচ্ছেন ওয়ালশ। নড়াইল একপ্রেসের বিকল্প এখনো তৈরি হয়নি বলেই মনে করেন তিনি।
বিশেষ এই ক্যাম্পটি ৩ মার্চ পর্যন্ত চলবে। ৪ মার্চ শ্রীলঙ্কায় যাবে টাইগাররা। ৬ মার্চ শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে নিদাহাস ট্রফি মাঠে গড়াবে। ৮ মার্চ সাকিবদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।