পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরে জয়ের দেখা পেয়েছে তামিমের পেশোয়ার জালমি।
ইলামাবাদ ইউনাইটেডকে ৩৪ রানে হারিয়েছে তারা, রান পেয়েছেন তামিম। ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন টাইগার ওপেনার।
এদিকে, টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে মুস্তাফিজের লাহোর কালান্দার্স। তবে এদিনও লাহোরের সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে ইসলামাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে পেশোয়ার।
শুরুতে কামরান আকমল, পরে ডোয়েইন স্মিথের সঙ্গে জুটি গড়েন তামিম। ২৯ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কায় তোলেন ৩৯ রান। আকমল করেন সর্বোচ্চ ৫৩ রান।
এছাড়াও ৩০ রান করে যোগ করেন স্মিথ ও হাফিজ। ৬ উইকেটে ১৭৬ রানে থামে পেশোয়ারের ইনিংস। জবাবে পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি ইসলামাবাদ।
এর আগে, পেশোয়ারের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১১ রান করেন তামিম।
এদিকে কোয়েটা গ্ল্যাডিয়াটার্স জয় পেলেও দ্বিতীয় ম্যাচেও খেলার সুযোগ পাননি মাহমুদুল্লাহ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় কোয়েটার কাছে মুস্তাফিজের লাহোর ৯ উইকেটে হেরেছে।
উইকেট না পেলেও, টাইগার পেসার দুই ওভারে দেন মাত্র দশ রান।