মাত্র ৯৯ বছরে সাঁতার কেটে বিশ্বরেকর্ড গড়েছেন জর্জ করোনেস।
অস্ট্রেলিয়ায় অভিনব এক সাঁতার প্রতিযোগিতায় এই রেকর্ড গড়েন তিনি। অবশ্য বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে সাঁতারের শীর্ষ সংস্থা ফিনার যাচাই পর্যন্ত অপেক্ষা করতে হবে করোনেসের।
১০০ থেকে ১০৪ বছর বয়সী সাঁতারু ক্যাটাগারিতে অংশ নেন করোনেস। কুইনসল্যান্ডে একটি অভিশিয়াল ইভেন্টে সাঁতার শেষ করতে তিনি ৫৬ দশমিক এক দুই সেকেন্ড সময় নেন।
গত ২০১৪ সালে জন হ্যারিসন ১ মিনিট ৩১ দশমিক এক নয় সেকেন্ডে সাঁতার কেটে রেকর্ডটি নিজ দখলে নিয়েছিলেন। সেই রেকর্ডের চেয়ে ৩৫ সেকেন্ড আগে সাঁতার শেষ করেন ৯৯ বছর বয়সী করোনেস।
ব্রিসবেনে জন্ম নেয়া করোনেস নতুন করে সাঁতার শিখেছেন ৮০ বছর বয়সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছেড়ে দিলেও শরীরচর্চার জন্য জীবনের আটটি দশক পার করে আবারো সুইমিংপুলে নামেন তিনি।
অস্ট্রেলিয়ায় বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় করোনেসের মতো শতবর্ষী আরো অনেক সাঁতারু নিয়মিত অংশ নিয়ে থাকেন।