টটেনহামের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো ইউভেন্টাস। শেষ ষোলোর ফিরতি লেগে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে ম্যাচের ফলাফল পাল্টে দেয় তুরিনের ওল্ড লেডিরা। ২-১ গোলের জয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে শেষ আটের টিকেট পেয়েছে ইউভরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ পনেরো ম্যাচে না হারা টটেনহামই শুরুতে লিড নেয়। দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝেই ইউভ গোলরক্ষক বুফনকে পরাস্ত করেন হিউ মিন সং। স্পারদের এগিয়ে নেন প্রথমার্ধেই।
প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে ফিরতি লেগে জয়ী দলই শেষ আটে উঠবে। এমন অবস্থায় দ্বিতীয়ার্ধেও গোল শোধ করতে পারছিল না সিরি আ চ্যাম্পিয়ানরা। ম্যাচের ৬৩ মিনিটেও টটেনহাম এগিয়ে ছিল ১-০ গোলে।
তবে এরপর মাত্র তিন মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচের মোড় ঘুঁড়িয়ে দেন দুই আর্জেন্টাইন পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়াইন। দ্রুত দুই গোল হজমের ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি টটেনহাম।
লিগের আরেক ম্যাচে বাসেলের কাছে ২-১ গোলে হেরেও, ৫-১ অ্যাগ্রিগেটে শেষ আটে উঠেছে ম্যানচেস্টার সিটি।