শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়কে শ্বাসরুদ্ধকর বলে আখ্যা দিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো।
এদিকে, বাংলাদেশ-শ্রীলঙ্কার শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে টুইট করেছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। টাইগারদের জয়কে অবিশ্বাস্য বলে শেষ ওভারের আবেগ ও নিয়ন্ত্রণহীন মেজাজের কথা উল্লেখ করলেও, টাইগারদের প্রতি সম্মান জানিয়েই টুইট শেষ করেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে টাইগারদের প্রশংসা ছাড়াও হয়েছে সমালোচনাও।
আবার দ্য টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমসের মতো পত্রিকায় পারফরম্যান্স ছাপিয়ে শেষ ওভারে বাংলাদেশি ক্রিকেটারদের উত্তেজিত আচরণ ছিল প্রতিবেদনের বিষয়বস্তু।
শেষ ওভারে মাহমুদুল্লাহর দারুণ ছক্কায় নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ। স্নায়ুক্ষয়ী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের অবিস্মরণীয় এক জয়। অসাধারণ ম্যাচটির সাক্ষী হয়ে তাই আনন্দের জোয়ারে মাতোয়ারা টাইগারভক্তরা।
শেষ ওভারে ‘নো’ বল বিতর্কের পরও জিতেছে বাংলাদেশ। কঠিন সময়ে মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ। ফিফটি করেন তামিম। আইসিসির টুইটে তাই দুই টাইগারের বন্দনা। আর আইসিসির ম্যাচ প্রতিবেদনে বাংলাদেশের অসাধারণ ফিনিশিংয়ের প্রশংসা।
নিদাহাস ট্রফি জয়ের পথে বাংলাদেশের সামনে এখন একমাত্র বাঁধা ভারত। টাইগারদের ফাইনালে ওঠার বীরত্বগাঁথার চেয়ে তাই সাকিবের বিগড়ে যাওয়া মেজাজই বেশি গুরুত্ব পেয়েছে কিছু ভারতীয় গণমাধ্যমে।
দ্য টেলিগ্রাফের ভারতীয় সংস্করণ ও এনডিটিভি স্পোর্টসের ম্যাচ প্রতিবেদনের শেষ ওভারের উত্তেজনার কথাই প্রাধান্য পেয়েছে। লঙ্কানদের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের তর্কে জড়ানোর বিষয়টি শিরোনাম হয়েছে হিন্দুস্তান টাইমসে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে পুরো টুর্নামেন্টেই টাইগারদের আচরণ প্রশ্নবিদ্ধ ছিল বলে উল্লেখ করা হয়েছে।
ভারতের একাধিক গণমাধ্যম অবশ্য টাইগারদের প্রশংসাও করেছে। টাইমস অব ইন্ডিয়া, ক্রিক ইনফো, ক্রিক বাজ- এ নাটকীয় জয়ে বাংলাদেশের ফাইনালে ওঠার গল্প লেখা হয়েছে। প্রশংসা হয়েছে মাহমুদুল্লাহর ১৮ বলে ৪৩ রানের অসাধারণ ইনিংসটিরও।