জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের ম্যাচটি ৪ উইকেটে জিতেছে ক্যারিবিয়রা।
হারারেতে সেরা ছয়ের ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিপদে পড়ে জিম্বাবুয়ে। সলোমন মিরে একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে কেউ টিকতে পারছিলেন না। তবে দলের বিপদে দারুণ ব্যাটিং করেন ব্রেন্ডন টেইলর। ১২৪ বলে ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৩৩ বলে মিরের ব্যাট থেকে আসে ৪৫ রান। ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২৮৯ রান।
জবাব দিতে নেমে শুরুতেই ক্রিস গেইল বিদায় নেন। তবে এভিন লুইসের ৬৪, শাই হোপের ৭৬ ও মারলন স্যামুয়েলসের ৮০ বলের ৮৬ রানে এক ওভার হাতে রেখেই জয় পায় উইন্ডিজ।
সুপার সিক্সে ৪ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্যারিবিয়রা। সমান ম্যাচে সমান পাঁচ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে দুইয়ে আর স্কটল্যান্ড তিনে আছে।