ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে এবার উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। সুইজারল্যান্ডের জেনেভায় প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে পর্তুগাল।
এস্তাদিও ডি জেনেভায় ম্যাচের ১১ মিনিটেই প্রথম গোল হজম করে পর্তুগাল। এ সময় ছয় গজ বক্সের বাইরে থেকে জোরালো শটে পর্তুগিজদের জালে বল পাঠান লিওঁর ডাচ মিডফিল্ডার মেমফিস ডিপাই। ম্যাচের আধঘন্টা পেরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে নেদারল্যান্ডস। ৩২ মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেসিকতাসের হয়ে খেলা রায়ান রাবেল। এ সময় অসাধারণ এক হেডে গোলটি করেন তিনি।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে আরো একটি গোল করে পর্তুগাল। এ অর্ধে যোগ করা সময়ে ডাচদের এগিয়ে দেন লিভারপুলের ভার্জিল ফন ডিক। তার অসাধারণ ভলিতে তৃতীয় গোলটি হজমের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে পর্তুগাল।
বিশ্রাম শেষে বেশকটি গোলের প্রচেষ্টা চালালেও সফল হতে পারেনি পিছিয়ে পড়া পর্তুগাল। ম্যাচের ৬১ মিনিটে জোয়া কানসালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে আরও দুর্বল হয়ে পড়ে পর্তুগাল।
ম্যাচের ৬৮ মিনিটে রোনালদোকে তুলে নিয়ে জোয়া মৌতিনয়োকে নামান পর্তুগাল কোচ। তারপরও কোনো গোলের দেখা পায়নি পর্তুগিজরা । শেষপর্যন্ত ৩-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের।