আগামী বছরের বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় গ্রায়েম ক্রীমারকে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। সরিয়ে দেয়া হয়েছে প্রধান কোচ হিথ স্ট্রিকসহ পুরো কোচিং স্টাফকে। এমন সিদ্ধান্তে জিম্বাবুয়ে বোর্ডের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ ক্রিকেটারদের বেতন দিতে প্রায়ই দেরি করতো তারা।
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় পুরো কোচিং স্টাফকে বাধ্যতামূলক ইস্তফা দিতে বলেছিল জিম্বাবুয়ে বোর্ড। না দিলে তাদের বরখাস্ত করার হুমকি আগেই দিয়ে রেখেছিল তারা। হিথ স্ট্রিকের পাশাপাশি বরখাস্ত হওয়া স্টাফদের তালিকায় আছেন ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুতা, টিম অ্যানালিস্ট স্ট্যানলি চিওজা ও ফিটনেস কোচ শন বেল। নির্বাচকদের সভাপতির পদে থাকা টাটেন্ডা টাইবুকেও সরিয়ে দিয়েছে জেডসি।
এদিকে, চাকরি হারানো ক্রিকেটাররা মার্চের বেতন পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। হিথ স্ট্রিক যুদ্ধ না করলে বিশ্বকাপ বাছাইয়ের আগে ফেব্রুয়ারির পুরো বেতনও পেতেন না ক্রীমাররা। কারণ বোর্ড তাদের বেতনের মাত্র চল্লিশ শতাংশ দেয়ার প্রস্তাব দিয়েছিল।