রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের সহজ জয়ে বার্সেলোনা হয়ত সেমিফাইনালের পরিকল্পনাটা করে ফেলতেই পারে। তবে বড় এ জয়ে প্রতিপক্ষেরও যে সমান অবদান রয়েছে তা অস্বীকার করার কোন উপায় নেই। কারণ বার্সার চার গোলের দুটিই যে এসেছে রোমার খেলোয়াড়দের সহায়তায়।
ড্যানিয়েল ডি রোসি ও কোসতাস মানোলাসের দুটি আত্মঘাতি গোল জেরার্ড পিকের দারুণ এক ফিনিশিংয়ে ক্যাম্প ন্যুতে কাতালান জায়ান্টরা ঘন্টাখানেকের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। ৮০ মিনিটে অবশ্য এডিন জেকো রোমাকে একটি অ্যাওয়ে গোল উপহার দেন।
৮৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ইতালিয়ানদের সব আশাই কার্যত শেষ হয়ে যায়। এর অর্থ হচ্ছে আগামী সপ্তাহে ইতালি সফরে যাবার আগেই শেষ চারে নিজেদের অবস্থান অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বার্সা।
ইনজুরি কাটিয়ে দলে ফেরা লিওনেল মেসি অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। কিছুটা হলেও তাকে হতাশ মনে হয়েছে।
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে মেসি ছাড়াও কাল মূল একাদশে ফিরেছিলেন সার্জিও বাসকোয়েট। তিন সপ্তাহ আগে চেলসির বিপক্ষে বাসকোয়েট আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন।
এদিকে, হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠে ছিলেননা রোমার মিডফিল্ডার রাডজা নেইগোলান।