ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ।অ্যারন রামসি ও অ্যালেক্সান্দ্রে লাকাজেতের জোড়া গোলে সিএসকেএ মস্কোকে ৪-১ এ হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অন্য ম্যাচে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
এমিরেটস স্টেডিয়ামে মস্কোর বিপক্ষে আর্সেনালের জয়ের নায়ক ছিলেন মেসুত ওজিল। নিজে গোল না পেলেও গানারদের প্রথম ২৬ মিনিটের চারটি গোলেই ছিল জার্মান প্লে-মেকারের অবদান। ওজিলের শানানো আক্রমণ থেকে রামসির নজরকাড়া ফিনিশিংয়ে আসে প্রথম লিড।
অ্যালেক্স্যান্ডার গোলোভিনের ফ্রি-কিকে দ্রুত সমতায় ফেরে সিএসকেএ মস্কো। এরপর ওজিল ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে আর্সেনালের লিড দ্বিগুণ করেন হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠা লাকাজেত।ওজিলের সহায়তায় রামসির ভলিতে আসে গানারদের তৃতীয় গোলটি।
আর ওজিলের পাস লাকাজেতকে খুঁজে নিলে চতুর্থ গোল পায় আর্সেনাল। এদিকে লিগের আরেক ম্যাচে দিয়াগো কস্তা ও অ্যান্তোইন গ্রিজম্যানের গোলে স্পোর্টিং লিসবনকে হারিয়েছে স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদ।