ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের একাদশ আসরের পর্দা উঠছে আগামীকাল (শনিবার)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
পুরনো ঠিকানা ছেড়ে দুজনেই এবার খেলবেন নতুন দলের হয়ে।একাদশে থাকলে কাল উদ্বোধনী ম্যাচেই চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে খেলবেন মুস্তাফিজ।
আইপিএলে সাত মৌসুম কোলকাতা নাইট রাইডার্সে ছিলেন সাকিব। এর মধ্যে দুবার টাইগার অলরাউন্ডার কেকেআরের হয়ে শিরোপার স্বাদও পেয়েছেন। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার এবার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৯ এপ্রিল সাকিবের হায়দরাবাদের প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের সঙ্গে। এদিকে সাকিবের বর্তমান দলে আগের দুই মৌসুমে খেলেছেন মুস্তাফিজ।
কাটার মাস্টার প্রথম মৌসুমেই কমলা জার্সিতে শিরোপা জিতিয়েছিলেন দলকে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা ফিজের।
১২ ও ২৪ এপ্রিল মুম্বাইয়ের মুস্তাফিজের প্রতিপক্ষ সাকিবের হায়দরাবাদ। এ দুই ম্যাচেই সাকিব-মুস্তাফিজ একাদশে থাকলে দুই টাইগারের মোকাবেলা দেখার সুযোগ পাবে আইপিএলের বাংলাদেশি ভক্তরা।