ম্যানচেস্টার ডার্বি জিতে সিটির শিরোপা উদযাপন পিছিয়ে দিয়েছে ইউনাইটেড।
পল পগবার জোড়া গোলে পিছিয়ে পড়েও ইংলিশ প্রিমিয়ার লিগ লিডারদের ৩-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।
নগর প্রতিদ্বন্দ্বীদের হারালে এ মৌসুমে ইপিএলের চ্যাম্পিয়ন হতো ম্যানসিটি। সেলক্ষে প্রথমার্ধে ভিনসেন্ট কোম্পানির হেডে লিড নেয়ার পাঁচ মিনিটের মধ্যে ইলকে গুনদোগানের শটে দুই গোলে এগিয়ে যায় গার্দিওলার দল।
সহজ জয়ের স্বপ্ন দেখতে থাকা সিটির জন্য চমক অপেক্ষা করছিল দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরেই দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পল পগবা।
এরপর ক্রিস স্মলিংয়ের ভলিতে লিড নিয়ে নেয় ম্যানইউ। শেষদিকে রাহিম স্টারলিং দুটি সোনালি সুযোগ নষ্ট করলে ৩-২ গোলের জয় পায় ইউনাইটেড। এর ফলে পয়েন্ট টেবিলে অবস্থা পরিবর্তন না হলেও ম্যানসিটির শিরোপা উদযাপনের অপেক্ষা আরেকটু বাড়লো।