কিলিয়ান এমবাপের জোড়া গোলে টানা চতুর্থ বারের মতো ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠলো প্যারিস সেইন্ট জার্মেই। প্যারিসের এলিট ক্লাবটি সেমিফাইনালে কানকে ৩-১ গোলে হারিয়েছে।
মোনাকো থেকে পিএসজিতে এসে চলতি মৌসুমে ২১টি গোল করেছেন এমবাপে। আগের তিন আসরের চ্যাম্পিয়নদের প্রথম লিডটি এনে দেন তিনি। এডিনসন কাভানির ক্রস থেকে গোল করেন ফরাসি স্ট্রাইকার। প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে আসা বল পেয়ে কানকে সমতায় ফেরান ইসমাইল দিওমান্দে। ভিডিও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে অনসাইড থেকেও কাভানির একটি গোল বাতিল হয়।
গোলবঞ্চিত কাভানির সহায়তায় এমবাপে নিজের দ্বিতীয় গোলটি করেন। ইনজুরি টাইমে ক্রিস্টোফার এনকুনকু পিএসজির তৃতীয় গোলটি করেন। ফাইনালে প্যারিসের অভিজাত ক্লাবটির প্রতিপক্ষ ফ্রান্সের তৃতীয় বিভাগের দল লেস হার্বিয়ার্স।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: