আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখলো টটেনহাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে স্পাররা চতুর্থ স্থান ধরে রেখেছে। ৩৫ ম্যাচে পোচেনতিনোর শিষ্যদের পয়েন্ট ৭১।
ওয়েম্বলি স্টেডিয়ামে ড্যালে অ্যালি ও হ্যারি কেইনের গোলে জয় পায় টটেনহাম। খেলার প্রথমার্ধেই গোল করেন অ্যালি। ক্রিশ্চিয়ান এরিকসনের এগিয়ে দেয়া বল পেয়ে ১২ গজ দূর থেকে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। মৌসুমে অ্যালির এটি চৌদ্দ নম্বর গোল।
বিরতি থেকে ফিরেই লিড দ্বিগুণ করেন হ্যারি কেইন। গোলকীপার হুগো লরিসের নৈপুণ্যে স্পারদের কোনো গোল হজম করতে হয়নি। এই জয়ে চেলসির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রইলো টটেনহাম। ব্লুজরা আছে পাঁচ নম্বরে।
লিগে এখনো তিনটি করে ম্যাচ বাকী দুদলের। চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে মৌসুমের শেষ পর্যন্ত চার নম্বর স্থান ধরে রাখতে হবে টটেনহামের।