মৌসুমের শেষ এল-ক্লাসিকো আজ। বার্সেলোনার মাঠে অতিথি হয়ে খেলবে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ লিগের ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১টায়। ইনজুরি সমস্যায় ভুগলেও আজ সুস্থ হয়ে মাঠে নামতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সা ছাড়ার আগে ক্যারিয়ারের শেষ এল-ক্লাসিকো খেলতে যাচ্ছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
লা লিগার শিরোপার দৌঁড় শেষ হয়ে গেছে আগেই। মৌসুমজুড়ে একচেটিয়ে আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। চার ম্যাচ হাতে রেখেই গত সপ্তাহে শিরোপা নিশ্চিত করে ফেলেছেন মেসিরা।
তবু ক্লাব ফুটবলের অন্যতম সেরা দুই পরাশক্তির মোকাবেলা নিয়ে উত্তেজনার শেষ নেই সমর্থকদের। লিগে এখন পর্যন্ত অপরাজিত আছে ভালভার্দের শিষ্যরা।
প্রথম দল হিসেবে স্প্যানিশ লিগের পুরো মৌসুম অপরাজিত থাকার রেকর্ডের হাতছানি বার্সার সামনে। যদিও লা লিগা নিয়ে মাথাব্যথা নেই রিয়াল মাদ্রিদের। জিদানের শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগের টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।
চোটের কারণে আজও থাকছেন না ড্যানি কারভাহাল। ইনজুরিতে পড়া ইস্কো সুস্থ হলেও থাকতে পারেন বিশ্রামে। সংশয় আছে রাফায়েল ভারানের খেলা নিয়েও।