মস্তিষ্কে জরুরি সার্জারি করা হয়েছে স্যার অ্যালেক্স ফার্গুসনের। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার শনিবার ব্রেইন হ্যামারেজে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
ম্যানইউ কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশন সফল হয়েছে। তবে সুস্থ হওয়ার জন্য ফার্গুসনের ইনটেন্সিভ কেয়ারে থাকতে হবে।
৭৬ বছর বয়সী ফার্গুসন ২০১৩ সালের মে পর্যন্ত দীর্ঘ ২৬ বছর ইউনাইটেডের ম্যানেজার ছিলেন। দুই যুগেরও বেশি সময় রেড ডেভিলদের দায়িত্বে থাকা এই স্কটিশ সব মিলিয়ে ৩৮টি ট্রফি জিতেছেন। ব্রিটিশ ক্লাব ফুটবলের সবচেয়ে সফল এই ম্যানেজার ১৩টি প্রিমিয়ার লিগ শিরোপাসহ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ৫টি এফএ কাপ ও চারটি লিগ কাপ জিতেছেন।
১৯৯৯ সালে ইউনাইটেডকে ট্রেবল জিতিয়ে নাইট উপাধি পেয়েছিলেন তিনি। গত রোববারই তিনি ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন। আর্সেনালের বিদায়ী ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের হাতে স্মারক ট্রফি তুলে দিয়েছিলেন নিজ হাতে।
এদিকে ফার্গুসনের দ্রুত সু্স্থতা কামনা করেছেন তার সাবেক শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যামসহ আরো অনেকে।