লা লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করা হলো না চ্যাম্পিয়ন বার্সেলোনার। মেসি-বিহীন বার্সা এবারের লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেল ৩৭তম ম্যাচে। ৯ গোলের ম্যাচে ৫-৪ গোলে কাতালানদের হারিয়েছে লেভান্তে।
এ ম্যাচের আগে গতবারের সাত আর এবারের লিগে ৩৬ ম্যাচে টানা অপরাজিত ছিল বার্সেলোনা। হ্যাটট্রিকম্যান বোয়াটাংয়ের দুই গোলে ৩১ মিনিটের মধ্যেই ২-০ তে এগিয়ে যায় লেভান্তে। কৌতিনিয়ো এক গোল শোধ করায় প্রথমার্ধে সে ব্যবধান কমে দাড়ায় ২-১ এ।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বার্দির গোলে আবারো লিড সংহত করে লেভান্তে। ৪৯ মিনিটে বোয়াটাং হ্যাট্রটিক পুরণ করেন। ৫৮ মিনিটে বার্দির আরেক গোলে বার্সা পিছিয়ে পড়ে ৫-১ এ। সেখান থেকে পর পর দুই গোলে বার্সা ম্যাচে ফিরে কৌতিনিয়োর হ্যাটট্রিকে।
স্পটকিক থেকে সুয়ারেস গোল করে ব্যবধান কমিয়ে আনেন ৫-৪ এ। কিন্তু শেষ পর্যন্ত পরাজয় ঠেকাতে পারেনি মেসিবিহীন বার্সেলোনা।
লিগ শেষ হওয়ার মাত্র দুই ম্যাচ আগে এমন এক দলের কাছে কাতালানদের অজেয় মিশন থামলো নিজেদের ফুটবল ইতিহাসে যাদের কাছে এর আগে কখনও হারেনি বার্সা।