চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলবেন বলে জানিয়েছেন জিনেদিন জিদান। পর্তুগিজ তারকা একশ বিশ ভাগ ফিট বলে মনে করেন রিয়াল বস।
মৌসুমে রিয়ালের শেষ ম্যাচগুলোর জন্য ২৪ ফুটবলার ফিট হওয়ায় এই ফরাসি ম্যানেজার দল সাজানো নিয়ে বিপদে পড়েছেন। ২৭ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল।
গোঁড়ালির চোট কাটিয়ে এরই মধ্যে রিয়াল সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন রোনালদো। এ মাসের শুরুতে এল-ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি। রোনালদোর পাশাপাশি চোট কাটিয়ে ট্রেনিংয়ে ফিরেছেন ফুল-ব্যাক ড্যানি কারভাহালও।
জিদান জানিয়েছেন, ভিয়ারিয়ালের বিপক্ষেও রোনালদোর খেলার সম্ভাবনা রয়েছে। রাত পৌনে ১টায় স্প্যানিশ লিগে মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলবে লস ব্লাঙ্কোসরা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা লা লিগার টাইটেল জিতে নিয়েছে আগেই।
তবে এখনো দুইয়ে ওঠার সুযোগ আছে রিয়ালের। অ্যাতলেটিকোর চেয়ে জিদানের শিষ্যরা পিছিয়ে তিন পয়েন্টে। লিগে দুদলের শেষ ম্যাচের পরই ঠিক হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা থাকবে।