প্রতিপক্ষের খেলোয়াড়কে চড় মেরে লাল কার্ড দেখলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এ কাণ্ড ঘটিয়েছেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির এ তারকা ফুটবলার। ম্যাচে ওলা কামারার একমাত্র গোলে জয় পায় এল এ গ্যালাক্সি।
খেলার ৪০ মিনিটে মন্ট্রিয়াল ইমপ্যাক্টের মাইকেল পেট্রাসোর বুটের পারা খান ইব্রা। আর তাতে ক্ষিপ্ত হয়ে পেট্রাসোর কানে চড় মারেন তিনি। এরপর দুজনই মাঠে লুটিয়ে পড়েন। পড়ে ভিডিও রিভিউ দেখে রেফারি পেট্রাসোকে হলুদ কার্ড দেন।
আর ইব্রাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান। ৩৬ বছর বয়সী সুইডিশ তারকা এ নিয়ে ১৩টি লাল কার্ড পেলেন।
এর আগে পিএসজি ও ইন্টার মিলানের হয়ে তিনবার, ইউভেন্টাসের জার্সিতে দুইবার ও বার্সেলোনার হয়ে একবার লাল কার্ড দেখেছেন ইব্রা। এছাড়া ম্যানচেষ্টার ইউনাইটেডে খেলার সময় বোর্নমাউথের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।