চোটের কারণে গোলরক্ষক সার্জিও রোমেরো বিশ্বকাপে খেলতে পারবেন না বলে জানিয়েছে আর্জেন্টিনা। রোমেরোর পরিবর্তে এমএক্স লিগের নাহুয়েল গুজমানকে দলে নেয়া হয়েছে।
এছাড়াও মেসিদের গোলকীপার হিসেবে চেলসির উইলি কাবালেরো আর রিভার প্লেটের ফ্রাঙ্কো আর্মানি আছেন স্কোয়াডে।
মঙ্গলবারই কোচ হোর্হে সাম্পাওলি ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন। সেখানে শুরুতেই নাম ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোর। তবে হাঁটুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি।
গত আসরের ফাইনালে আর্জেন্টিনার গোলবারের দায়িত্বে ছিলেন রোমেরো। এ মৌসুমে ওল্ড ট্রাফোর্ডেও সেভাবে খেলার সুযোগ পাননি তিনি।
সদ্য শেষ হওয়া এফ এ কাপের ফাইনালে রোমেরো্কে খেলানোর কথা ভেবেছিলেন রেড ডেভিল বস হোসে মরিনিয়ো।
তবে রোমেরোর ফিটনেস না থাকায় শেষমেষ ডেভিড দ্য হেয়াকেই খেলান ম্যানইউ কোচ।